স্টাফ রিপোর্টার:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আকস্মিক টর্নেডোর আঘাতে তিনটি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। মাত্র দুই থেকে তিন মিনিট স্থায়ী এই ভয়াবহ ঘূর্ণিঝড়ে অর্ধশতাধিক ঘরবাড়ি ও মসজিদ বিধ্বস্ত হয়েছে, উপড়ে পড়েছে শত শত গাছপালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়।
আজ শুক্রবার (২০ জুন) বিকাল পর্যন্ত এখনো ক্ষতিগ্রস্থ এলাকা গুলোতে কোন ধরনের সরকারি ত্রাণ বা সহায়তা পৌঁছেনি। কেউবা আত্মীয়স্বজনের বাসায় উঠেছেন আবার কেউবা ঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সমিটার ভেঙে বিচ্ছিন্ন হওয়া বিদ্যুৎ সংযোগ এখনো ফিরেনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) সকালে সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বিষ্ণুপুর, দেবীসিংপুর, গোপালপুর গ্রামে ঘণ্টায় প্রায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে আঘাত হানে টর্নেডোটি। সঙ্গে ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাত্র কয়েক মিনিট স্থায়ী হলেও টর্নেডোর তাণ্ডব ছিল ভয়াবহ। বহু ঘরবাড়ির টিন উড়ে গেছে, গাছ পড়ে ঘর ধসে পড়েছে, ঘরের ছাউনি উড়ে গেছে। অসংখ্য গাছপালা উপড়ে পড়ায় সড়ক ও গ্রামীণ পথঘাট বন্ধ হয়ে যায়।
সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে স্থানীয়ভাবে এ ধরনের টর্নেডো সৃষ্টি হতে পারে। আমরা বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে লোক পাঠিয়েছি। পরবর্তীতে আজকে সরেজমিনে পরিদর্শন করে এসেছি। টর্নেডোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।এছাড়াও আগামীকাল সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : এডভোকেট সালাহ উদ্দিন মাহমুদ মাসুম
ভারপ্রাপ্ত সম্পাদক : অহিদ উদ্দিন মাহমুদ মুকুল
ব্যবস্থাপনা সম্পাদক : জান্নাতুল ফেরদৌস প্রিয়া