
স্টাফ রিপোর্টার:
বেঞ্চে দুই পা তুলে ডান পা দিয়ে লেখেন শারমিন আক্তার। কলমে বেশ খানিকটা ভর দিয়ে, কিছুটা ধীরে লিখতে হয়। জন্মগত ভাবেই দুই হাত অকেজো শারমিনের। পা দিয়ে লিখেই পড়াশোনা শুরু করেন এবং এভাবেই মাস্টার্স পাস করে সে। সবশেষ পা দিয়ে লিখে গত ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা দিলেন তিনি। প্রধানমন্ত্রীর নিকট তার আকুতি তাকে যাতে একটি সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়। সে জানায় সরকারি চাকরির জন্য নাকি তার সার্টিফিকেটে মেয়াদ আছে আর মাত্র দুমাস।
জন্ম থেকেই শারমিনের দুই হাত অকেজো। লিকলিকে দুটো হাত এবং বাঁকানো হাতের তালু থাকলেও তা দিয়ে কিছু ধরতে পারেন না তিনি। কোনো শক্তি নেই দুই হাতে। ওড়না দিয়ে ঢেকে রাখেন হাত। চট করে দেখলে কেউ বুঝতে পারবে না শারমিনের সমস্যা।
নোয়াখালী সরকারি কলেজের দর্শন বিভাগ থেকে ২০২২ সালে এমএ পাস করেছেন শারমিন। এর আগে বিজ্ঞান থেকে এসএসসি পাস করেন এবং একই কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পাশ করেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। বাবা ফিরোজ আলম টুকটাক কৃষিকাজ করেন। নিজেদের সামান্য জমি আছে। মা বকুল বেগম গৃহিণী। পাঁচ লাখ টাকা ঋণ করে ভাইকে বিদেশে পাঠানো হয়েছে বছর দুই আগে। এই ভাই এখন সংসারের হাল ধরেছেন। এক বোন ডিগ্রিতে পড়ছেন। শারমিন একটা চাকরি পেলে সংসারের হাল ধরতে পারবেন, সে আশায় দিন পার করছেন। শারমিনের আক্ষেপ পরীক্ষায় পাশ করলেও ভাইবা (মৌখিক পরীক্ষায়) তাকে ডাকা হয়না৷ এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পাস করেছেন, ভাইভার জন্য ডাকই পাননি। অন্যান্য জায়গায় চাকরির পরীক্ষা দিয়ে বেড়াচ্ছেন। কিন্তু লাভ হচ্ছে না। বয়সও থেমে নেই।
শারমিন জানালেন, ঢাকায় গিয়ে চাকরির পরীক্ষা দিতে তাঁর কষ্ট হয়। একা যেতে পারেন না, সঙ্গে করে কাউকে না কাউকে নিয়ে যেতে হয়, এতে করে খরচটাও বেড়ে যায়। সরকার থেকে শারমিন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন, তিন মাস পরপর ২ হাজার ৫০০ টাকা। এ টাকা দিয়ে পড়াশোনা বা অন্য খরচ মেটান।
পা দিয়েই ফেসবুকেও স্ট্যাটাস লেখেন শারমিন। সেখানে তিনি মনের যন্ত্রণার কথা লেখেন। ফেসবুকে সবার প্রতি আহ্বান জানান, তাঁকে একটি চাকরি বিশেষ করে একটি সরকারি চাকরি দেওয়ার জন্য। শারমিনের দৈনন্দিন কাজে সহায়তা করেন তাঁর মা। নানা প্রতিবন্ধকতার মধ্যেও শারমিন পিএইচডি করতে চান। সরকারি চাকরি করতে চান। তাঁর ভাষায় ‘সরকারি অফিসার’ হতে চান। এজন্য প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট তার আকুতি তার কৃষক বাবার স্বপ্ন পুরণ করতে যাতে শারমিনকে একটি সরকারি চাকরি দেওয়া হয়।
শারমিন বলেন, “অন্যদের দুই হাত আছে, তা দেখে আমার কষ্ট হয়। মনে হয়, অন্যদের হাত আছে, আমার নেই কেন? বিষয়টি নিয়ে লজ্জাও পাই। মানসিকভাবে ভেঙে পড়ি। মনে হয়, যার দুটি হাত নেই, তার জীবনে দুঃখ ছাড়া তো কিছু থাকতে পারে না। মাঝেমধ্যে মরে যাওয়ার কথাও ভাবি। চাকরির আবেদন করি, পড়াশোনা করি, পরীক্ষা দিই, কোনো কোনোটাতে টিকেও যাই, কিন্তু পরে আর ডাকে না। এভাবেই চলছে আমার জীবন।”





















