
স্টাফ রিপোর্টার:
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য এক উষ্ণ ও নান্দনিক স্বাগত আয়োজন করেছে নোয়াখালী সরকারি কলেজের ‘NGC Art & Photography Club’। কলেজ প্রাঙ্গণের মূল প্রবেশপথের সামনে আঁকা হয়েছে চোখ জুড়ানো এক বর্ণিল আলপনা, যা সকল আগত শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
রঙ-বেরঙের কারুকাজে পরিপূর্ণ এক বিশাল আলপনা, যার কেন্দ্রে রয়েছে ‘NGCAPC’ এর লোগো। রঙের নিপুণ ব্যবহার এবং জ্যামিতিক নিখুঁততা প্রদর্শন করে এই আলপনা, যা শুধু একটি শুভেচ্ছা বার্তাই নয়, বরং শিল্পকলার এক উৎকৃষ্ট নিদর্শন।
NGC Art & Photography Club-এর এক সদস্য জানান, “প্রতিটি শিক্ষার্থীর মনে যেন এই কলেজ নিয়ে একটি ইতিবাচক ছাপ পড়ে — এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। নিজেদের মেধা ও সৃজনশীলতাকে ব্যবহার করে আমরা ভর্তিচ্ছুদের জন্য কিছু করতে পেরে গর্বিত।”
বৃষ্টিভেজা সবুজ প্রকৃতি আর তার মাঝে এমন এক রঙিন শিল্পকর্ম যেন কলেজটির প্রাণচাঞ্চল্যের প্রতিচ্ছবি। নতুন শিক্ষার্থীদের জন্য এটি নিঃসন্দেহে এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে কেবল সৌন্দর্যবোধই নয়, বরং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গঠনের দৃষ্টান্তও স্থাপন করে।
নোসক আর্ট এন্ড ফটোগ্রাফি ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনার রিজভী বলেন, এনইউ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের স্বাগতম জানাতে NGC Art & Photography Club থেকে আমরা উদ্যোগ নিই ক্যাম্পাসে আলপনা করার। সেই লক্ষ্যে আমাদের ক্লাবের আলপনার টিম রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কাজ করে এই আলপনাটা করে। আমাদের ইচ্ছে ছিল আরো কয়েকটা আলপনা করার, কিন্তু নিম্নচাপ ও বৃষ্টির কারণে আমরা সেই সুযোগ পাইনি। ভবিষ্যতে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির জন্য আরো কিছু কাজ করবো।














