
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন দাবীদাওয়া আদায়, বৈষম্য নিরসন এবং কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ডিগ্রি (পাস) শাখা নিয়ে কটুক্তির অভিযোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে নোয়াখালী সরকারি কলেজ ডিগ্রি (পাস) শাখার শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করে নেয় তারা।
বৃহস্পতিবার (০৪ আগষ্ট) দুপুর ১২ টায় নোসক ক্যাম্পাসে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয় এবং কলেজ প্রশাসনের নিকট ০৮ দফা দাবি পেশ করেন। তাদের আট দফা দাবী হলো- ১। ডিগ্রি শাখার জন্য নির্দিষ্ট ভবন ও কক্ষ বরাদ্দ দেওয়া। ২৷ একজন বিভাগীয় প্রধানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা। ৩। ক্লাস রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময়ে সিলেবাস সম্পূর্ণ করা। ৪। সেমিনার কক্ষের ব্যবস্থা করা। ৫। অতিরিক্ত ভর্তি ফি না নেওয়া এবং পরীক্ষা গুলো যথাসময়ে নেওয়া। ৬। ফরম ফিলাপের আদায়কৃত অর্থের জবাবদিহিতা করা। ৭। ইনকোর্স পরীক্ষায় একদিনে অনেক গুলো বিষয় না নেওয়া। ৮। নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান করা।
দাবি আদায়ে এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের নিছে অবস্থান গ্রহণ করে। আন্দোলনরত শিক্ষার্থীদের কথা শুনতে এবং তাদের নিবৃত করতে ঘটনাস্থলে আসেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর এবিএম সানা উল্যাহ। কিন্তু শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড় থাকে এবং অধ্যক্ষকে তাদের সামনে আসার দাবি জানান। শিক্ষার্থীদের উত্তপ্ত বাকবিতন্ডায় পরিস্থিতি অন্য মাত্রায় যাওয়ার আশংকা দেখা দিলে ঘটনাস্থল ত্যাগ করে উপাধ্যক্ষ। এর কিছুক্ষণ পরে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, উপাধ্যক্ষ এবিএম সানা উল্যাহ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাজী আসাদুল হক সহ কয়েকজন শিক্ষক প্রতিনিধি আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে আসেন।
অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন, শিক্ষার্থীদের সামনে এক এক করে তাদের সব দাবির ব্যাখ্যা প্রদান করেন। কোন দাবি কত সময়ে, কোন প্রক্রিয়ায়, কিভাবে পূরণ করা হবে তা প্রকাশ করেন। এছাড়াও যেসব দাবি কলেজ প্রশাসনের এখতিয়ার বহির্ভূত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের শর্ত আরোপিত তা প্রকাশ করেন। ডিগ্রি (পাস) শাখা নিয়ে কটুক্তির বিষয়ে অধ্যক্ষ বলেন, তোমরা আমাদের সন্তানের মতো। আমি আসার পর থেকে সাধ্যনুযায়ী ডিগ্রির জন্য কাজ করার চেষ্টা করেছি। ওইদিন তোমরা কিছু দাবি দাওয়া নিয়ে আসছিলে। এর পর তোমাদের কথার প্রেক্ষিতে আমার পাল্টা বক্তব্য নিয়ে কিছুটা ভুল বোঝা বুঝি হয়েছে। আমারও বলার ভুল হতে পারে তোমাদের ও বুঝতে ভুল হতে পারে। তবে তোমরা যেভাবে কটুক্তি আকারে বলতেছো বিষয়টা মোটেও সেভাবে না৷ আমরা সব সময় ডিগ্রি (পাস) শাখার মানোন্নয়নে চেষ্টা চালিয়ে যাবো। পরবর্তীতে এক মাসের মধ্যে ডিগ্রি (পাস) শাখার জন্য নির্মানাধীন নতুন আধাপাকা ভবন বা দর্শন ভবন বরাদ্দ দেওয়া হবে এমন আশ্বাসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে ফিরে যায়।


















